ফুসফুসের একটি মাংসপিণ্ড অপসারণের জন্য অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে রোমের অগোস্তিনো জেমেলি বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ভর্তি হন বলে জানিয়েছে হোলি সি প্রেস অফিস।
ভ্যাটিকান থেকে অল্প দূরত্ব গাড়িতে করে হাসপাতালের প্রধান প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করেন পোপ। এ সময় তিনি হাসপাতালের বাইরে সমবেত শুভাকাঙ্ক্ষীদের অভিবাদন জানান। এদিন বিকেলে তার অপারেশন হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের দায়িত্বে রয়েছেন জেমেলি হাসপাতালের প্রধান থোরাসিক সার্জন ডা. অধ্যাপক স্টেফানো মার্গারিটোরা ৭১ বছর বয়সী পোপ গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় জনসমক্ষে তার অসুস্থতার কথা জানান।
তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ফুসফুসে ছোট একটি মাংসপিণ্ড শনাক্ত হয়েছে। তীর্থযাত্রীদের আশ্বস্ত করে পোপ জানান, প্রাথমিক পর্যায়ে পিণ্ডটি শনাক্ত হওয়ায় চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণের পরামর্শ দিয়েছেন। পরে ভ্যাটিকানের জনসংযোগ দপ্তর জানায়, পোপের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।
পোপের ঘোষণার পরপরই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজের স্বাস্থ্যের বিষয়ে পোপের ‘শান্তভাবে’ কথা বলার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ইতালীয় সরকারের পক্ষ থেকে পোপের চিকিৎসায় সার্বিক সহায়তার প্রস্তাব দেন। দক্ষিণ আমেরিকায় মন্টেভিডিওর আর্চবিশপ ড্যানিয়েল স্টারলা ও আর্জেন্টিনার বিশপ সম্মেলনসহ বিভিন্ন গির্জার নেতারা ক্যাথলিকদের পোপের পূর্ণ এবং দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
একই সময়ে আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে পোপের পূর্বপরিকল্পিত রাষ্ট্রীয় সফরের প্রস্তুতিও অব্যাহত রয়েছে। পোপ দ্বিতীয় জন পলের সময় থেকে পোপদের চিকিৎসার দীর্ঘ ইতিহাস রয়েছে জেমেলি হাসপাতালে। সেখানকার চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফুসফুসের মাংসপিণ্ডটি অপসারণের পর প্যাথলজিস্টরা পরীক্ষা করে নির্ধারণ করতে পারবেন, সেটি ম্যালিগন্যান্ট বা ক্যানসারজনিত কি না।
পরীক্ষার ফলের ভিত্তিতে আরও চিকিৎসার প্রয়োজন আছে কি না, তা-ও নির্ধারণ করা যাবে।






















