প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে চীনের গুয়াংঝুতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন বিএনপির নেতারা।
এ সময় তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন। সোমবার (১২ অক্টোবর) চিকিৎসার জন্য গুয়াংঝুর সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন নজরুল ইসলাম খান। তার হাসপাতালে ভর্তির খবর পেয়ে চীন বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
সাক্ষাৎকালে তারা প্রবীণ এই রাজনীতিবিদের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে, চীন বিএনপির নেতাদের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতাদের আপ্যায়ন করা হয়। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত নেতারা।






















