রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা শাখা।
সোববার (১২ অক্টোবর) দুপুর ১১ টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন দলটির নেতাকর্মীরা। একই দাবিতে আন্দোলনে যোগ দেন বিএনপি ও জামায়াতের নেতারাও। পরে আন্দোলনের একপর্যায়ে তারা প্রধান ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এতে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন।
আন্দোলন চলে দুপুর ১ টা পর্যন্ত। আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ইউএনও ইসরাত জাহান পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ না করে দলীয় প্রভাব ও পক্ষপাতের ভিত্তিতে ডিলার নির্বাচন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে আন্দোলন চললেও ইউএনও তাদের সঙ্গে কথা বলতে না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
পরে তারা ইউএনওর পদত্যাগের দাবিও জানান। রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। যারা নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন বলে দাবি করেন তিনি। নিয়োগ পাওয়া ডিলারদের কারও কারও সার বিক্রির দোকান বা গুদামও নেই। এত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সম্পন্ন হওয়া এ নিয়োগ তারা মেনে নেবেন না।
তিনি আরও বলেন, ইউএনওকে জনগণের সামনে এসে এসব অভিযোগের জবাব দিতে হবে। জনগণকে উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি। রাজশাহী জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বাবলু বলেন, আমরা এই ইউএনওর অপসারণ চাই। তিনি নিয়ম মেনে সার ডিলার নিয়োগ দেননি। আমরা চাই, ন্যায্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হোক।
কোনো ধরনের দলীয়করণ বা পক্ষপাত যেন না থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনিয়র স্যার এসেছেন। প্রটোকলে আছি, পরে কথা বলব। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






















