চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, একশ্রেণির রাজনৈতিক নেতার ইন্ধনে স্থানীয় টোকাইদের ব্যবহার করে চুয়েটের শিক্ষার্থীবাহী পরপর দুটি বাসে হামলা চালানো হয়েছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা পড়তে চাই, আমাদের পড়তে দিন। ’ বর্তমান উপাচার্যকে উদ্দেশ করে তারা বলেন, ‘যে উপাচার্যকে কেউ চায় না, তিনি ক্যাম্পাসে থাকতে পারবেন না।
আমরা তাকে চাই না। অবিলম্বে তাকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। ’ মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। সেগুলোতে ‘চাটুকারের আখড়া এই চুয়েটে হবে না’, ‘রাজনীতির ঠিকানা এই চুয়েটে হবে না’ এবং ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো—সায়েম স্যারকে পুনর্বহাল করা, শিক্ষার্থীদের ওপর হামলার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। এ ছাড়া বর্তমান উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়ার দাবি জানান তারা।
























