ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া। সদস্য সচিব করা হয়েছে প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল মোমিত (রোমেল)কে।
গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১ অক্টোবর কমিটির অনুমোদন চেয়ে আবেদন পাঠানো হয়েছিল। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ), মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ ও তৌফিকুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বদরুল বিন আফরুজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান।
নতুন এ কমিটিতে সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিত্ব রয়েছে। নবনিযুক্ত আহ্বায়ক আজাদ মিয়া ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের আইনি সহায়তা এবং অভিবাসনসংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করছেন। অন্যদিকে সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার পাশাপাশি প্রবাসীদের নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষায় কাজ করছেন।
সংগঠনটির লক্ষ্য, ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সিলেট বিভাগের উন্নয়নে ভূমিকা রাখা। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৭ সাল থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে আসছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।
বর্তমানে সংগঠনটির দাবির মধ্যে রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচলের সুযোগ সম্প্রসারণ, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সিলেটের নদ-নদী খনন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শমশেরনগর বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করা। নতুন আহ্বায়ক কমিটি এসব দাবি বাস্তবায়নে প্রবাসীদের সংগঠিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিদাওয়া তুলে ধরতে কাজ করবে বলে আশা করা হচ্ছে।


























