যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শনিবার (১০ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ কমিটি গঠন করে।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। প্রশাসন অধিশাখার উপসচিব দায়িত্ব পালন করবেন সদস্য সচিব হিসেবে। এ ছাড়া মন্ত্রণালয়ের আরও তিন কর্মকর্তা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। এর আগে শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করে। পরীক্ষা স্থগিতের ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে জড়ো হওয়া চাকরিপ্রার্থীরা বিক্ষোভ মিছিল করেন। উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর ২৪২টি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের জন্য গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।






















