কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখার বিষয়ে নিজেদের সর্বোচ্চ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।






















