গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গিয়ে কুলসুম আক্তার লাকী (৩৮) নামের এক গৃহবধূর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরমী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুলসুম আক্তার লাকী বলেন, ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, এক ব্যক্তি তার গলায় ছুরি ধরে আছেন।
ওই ব্যক্তি পাশের বাড়ির শহিদুল ইসলামের ছেলে অপু। বাউন্ডারি দেয়াল টপকে বাড়িতে ঢোকার পর প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়। পরে ওই ব্যক্তি তার শোবার ঘরে ঢোকেন। বাধা দিতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়। কুলসুমের অভিযোগ, পরে ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, ৬১ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি কাউকে জানালে তার শিশুকন্যাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খন্দকার হারুন বলেন, এলাকায় কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়েছে। এ ঘটনায় গৃহবধূ একজনকে শনাক্ত করেছেন বলে তিনি জানতে পেরেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় অপু নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















