ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তার পরিচয় শনাক্ত করে।
নিহত ব্যক্তির নাম বদু মিয়া (৪০)। তিনি নেত্রকোনার বারহাট্টা থানার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তার মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বদু মিয়ার জন্ম ১৯৮৬ সালের ১৭ এপ্রিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বটতলী মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বদু মিয়া।
দুর্ঘটনার পর নবীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার সময় তাঁর কাছে পরিচয় শনাক্ত করার মতো কোনো তথ্য না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়। এরপর অজ্ঞাত হিসেবে থাকা মরদেহটির পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম।
পিবিআই সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।






















