ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হলেও নিখোঁজের ১২ দিন পরও ওই কলেজছাত্রীর সন্ধান মেলেনি বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ কলেজছাত্রী শারমিন আক্তার (ছদ্মনাম) বামুনিয়া গ্রামের মো. পশিরুল ইসলামের মেয়ে। পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী পানিশাল গ্রামের গ্রাম পুলিশ শ্রী সুমন্ত চন্দ্র সিংহের ছেলে রমিক চন্দ্র সিংহ দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতেন। পরিবারের দাবি, গত ২৪ সেপ্টেম্বর রাতে জরুরি কথা আছে বলে মোবাইল ফোনে শারমিনকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়।
পরে রমিক চন্দ্র সিংহ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় শারমিনকে উদ্ধারের পাশাপাশি তাকে ভারতে পাচার কিংবা ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করা হয়ে থাকতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছে তার পরিবার। পরে রমিক চন্দ্র সিংহসহ তিনজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়। মামলা হওয়ার পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শারমিনের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।
মেয়েকে হারিয়ে তার মা-বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আবেদনও জানিয়েছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। আসামি ও নিখোঁজ কলেজছাত্রীর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।






















