চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১৯টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের কালাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে যায়। সেখানে একটি খড়ের স্তূপের নিচে রাখা কালো রঙের বালতিতে ককটেল দেখতে পান বিজিবি সদস্যরা। পরে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বালতির ভেতর থেকে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধার করা ককটেলগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক থেকে কাজ করছে।






















