জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রীর কোনো উদ্যোগকেই রাজনীতিকরণ করা উচিত নয়। আজ রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (এএসডি) আয়োজিত শিশুশ্রম নিরসনে করণীয় বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীর সব উদ্যোগকে রাজনীতিকরণ করা উচিত নয়। শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর কাজ রাজনীতিকরণ করবেন না। তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। সবাই মিলে কাজ করে একটা মানবিক দেশ গঠন করা যাবে।’
তিনি বলেন, ‘সবাইকে শিশুশ্রম বন্ধে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কাজ করতে হবে।’
ডেপুটি স্পিকার বলেন, ‘তারেক রহমানকে এজন্যই এতো মানবিক দেখা যায়, কারণ তার মা শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। তার বাবা শিশুকল্যাণে অধিদপ্তর গঠন করেছিলেন। তারা শিশুদের মঙ্গলে কাজ করেছেন। নির্বাহী বিভাগ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে হবে। তারা সঠিকভাবে কাজ না করলে শিশুশ্রম, শিশু নির্যাতন বন্ধ হবে না।’
তিনি আরও বলেন, ‘শিশু ধর্ষণ, শিশু নির্যাতন কেন বন্ধ হচ্ছে না এর জবাব নির্বাহী বিভাগকে দিতে হবে। শুধু রাজনীতিবিদ নয় আমলাদেরও জবাবদিহি করতে হবে। শুধু রাজনীতিবিদদের দোষ দিলে হবে না।’
তিনি বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে এবং শিশুদের রক্ষা করতে জাতীয় সংসদ সর্বোচ্চ তৎপর দেখাবে। সরকার জাতীয় সংসদে কাছে দায়বদ্ধ।






















