রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার পুলিশ জানতে পারে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মি সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন।
পরে সংবাদের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে রাতে দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন সুলতানা সর্মি তার উল্লেখিত রাজনৈতিক পদে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ। ‎পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মির স্থায়ী ঠিকানা নড়াইলের লোহাগাড়া এলাকায়।
তার বর্তমান ঠিকানা ১৩৪/১৭, লালবাগ রোড, লালবাগ, ঢাকা। তার স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু এবং বাবার নাম শেখ আবুল হোসেন। ‎বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি জামিল হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মিকে সাহেব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















