বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন স্থানে এ প্রতীকী প্রতিবাদ করা হয়। এ সময় সড়কের গর্তে চারা রোপণের পাশাপাশি হাতে মোমবাতি নিয়ে সড়ক সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান তারা। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একই সঙ্গে পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ও নিরাপত্তাঝুঁকি বাড়ছে। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো কার্যকর সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়নি। তিনি আরও বলেন, পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে।
তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ।






















