তরুণ ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গার দর্শনায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে দর্শনা যুব সংঘের উদ্যোগে স্থানীয় মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. মশিউর রহমান এবং বিশিষ্ট ব্যক্তিত্ব নাসির উদ্দীন খেদু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে প্রধান অতিথি হাবিবুর রহমান বুলেট তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
দর্শনা যুব সংঘের এই আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি আলহাজ্ব মো. মশিউর রহমানও টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান। এদিকে, বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টকে ঘিরে দর্শনার স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজ উদ্বোধনী ম্যাচ দেখতে বিকেল থেকেই মাঠে উপচে পড়া ভিড় তৈরি হয়।





















