নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করা হয়েছে। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও ভ্যানচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শনিবার (৩ অক্টোবর) সন্ধায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝায় ভ্যান জব্দ করা হয়। পুলিশ ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, চীন থেকে আনা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদীর পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসান ভ্যানটি দেখে সন্দেহ হলে সেটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে আসেন। পরে পুলিশ ভ্যানটি তল্লাশি করে ২০ কার্টন সুতা জব্দ করে। এ সময় ভ্যানচালককেও হেফাজতে নেওয়া হয়। জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও জানা যায়, জাহাঙ্গীর ট্রেডার্সের কাছ থেকে মর্ডান ট্রেডার্সের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল। তবে সুতাগুলোর বৈধ আমদানি কাগজপত্র ও শুল্ক-কর পরিশোধ করা হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। পুলিশ জানায়, সুতার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট স্থানটিও চিহ্নিত করা হয়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিটিএমএ পরিচালক কামরুল হাসান সন্ধায় একটি ভ্যানসহ ২০ কার্টন চায়না সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। আনুমানিক ৭ লাখ টাকার মালামাল রয়েছে। বিষয়টি কাস্টমস কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জব্দ করা সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং এগুলো কোন প্রতিষ্ঠান বা কারখানায় নেওয়া হচ্ছিল এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে।





















