দীর্ঘ ১৩ বছর ধরে অক্ষত ছিল ক্রিস গেইলের গড়া রেকর্ড। অনেক ব্যাটারই সেই মাইলফলকের কাছাকাছি পৌঁছালেও কেউ তা অতিক্রম করতে পারেননি। অবশেষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাঁর দখলে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেন ২০ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। ব্লুমফন্টেইনে তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভেঙে যায় ২০১৩ সালে গেইলের গড়া ১৭৫ রানের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করার সুযোগও ছিল প্রিটোরিয়াসের সামনে।
তবে শেষ পর্যন্ত সেই মাইলফলক থেকে ১২ রান দূরেই থেমে যায় তার ইনিংস। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। দীর্ঘদিন ধরে সেটিই ছিল পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন প্রিটোরিয়াস।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই তরুণ ওপেনার। মাত্র ২৪ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতক। এরপর আরও ১৬ বল খেলে সেঞ্চুরির দেখা পান তিনি। অর্থাৎ, মাত্র ৪০ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান প্রিটোরিয়াস। আর ৫৮ বলে তাঁর সংগ্রহ দাঁড়ায় ১৫০ রান। পুরো ইনিংসে নাইটসের বোলাররা তাঁকে থামানোর কোনো কার্যকর উপায় খুঁজে পাননি। প্রিটোরিয়াসের ১৮৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কায়।
নাইটসের প্রতিটি বোলারই ওভারপ্রতি অন্তত ১১ রান করে খরচ করেন। বলের হিসাবে পুরুষদের টি-টোয়েন্টিতে দীর্ঘতম ইনিংস খেলার তালিকায় অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গেও জায়গা করে নিয়েছেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে টাইটানস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এই প্রতিযোগিতায় এর চেয়ে বেশি রান করার কীর্তি রয়েছে কেবল টাইটানসেরই। ২০২২ সালে একই নাইটসের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান তুলেছিল টাইটানস। সেই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এত দিন সেটিই ছিল সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এবার ১৮৮ রান করে ব্রেভিসের সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন প্রিটোরিয়াস।
প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকার শীর্ষ পাঁচটি স্কোরই এখন টাইটানসের। ২০২৬-২৭ মৌসুমে এটি ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে মাঠে নামার আগেই দারুণ ছন্দে ছিলেন তিনি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের ক্যারিয়ারের শুরুর পর্যায়ে রয়েছেন প্রিটোরিয়াস।
সব সংস্করণ মিলিয়ে তার খেলা ম্যাচের সংখ্যা মাত্র ২২। তবে টি-টোয়েন্টিতে অভিজ্ঞতার দিক থেকে তিনি তুলনামূলক এগিয়ে। এই সংস্করণে ৯১টি ম্যাচ খেলে তার স্ট্রাইকরেট ১৫০.৪৪। এবার রেকর্ড গড়া ইনিংসের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে নিজের নাম আরও উজ্জ্বল করলেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটার।






















