৪৯তম বিসিএসের গেজেট থেকে মেধাবী চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর যারা ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই নির্লজ্জভাবে দলীয়করণ করেছে। বর্তমান সরকারও সেই একই ফাঁদে পা দিয়ে প্রমাণ করেছে তারা দেশ পরিচালনায় যোগ্য হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করতে হলে মেধাবীদের মূল্যায়ন করতে হবে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে ভিপি জাহিদ আরও বলেন, মেধার মূল্যায়ন সঠিকভাবে না হলে এই সরকারের পতন আওয়ামী লীগের চেয়েও ঘৃণ্যভাবে হবে। কর্মসূচিতে রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান জোহা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বেচ্ছাচারিতা শুরু করেছে। দলীয় নিয়োগ নিশ্চিত করতে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ব্যক্তিদের বসানো হয়েছে।
মেধাবীদের প্রাপ্য অধিকার বুঝিয়ে না দিলে জনগণকে থামিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন। রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, বর্তমান সরকার ভুলে গেছে যে তারা শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ দেওয়া হচ্ছে। এই তামাশা বন্ধ না হলে আমরা তীব্র আন্দোলনে নামতে বাধ্য হব।
মানববন্ধনে অন্যদের মধ্যে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, কার্যনির্বাহী সদস্য ইমু জিয়াউল হক কামালি এবং হল ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















