চট্টগ্রাম নগরীর বন্দর থানার আদর্শপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সানজু বিবি (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. জাবেদের (৪২) বিরুদ্ধে। ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে জাবেদকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জাবেদ ওই এলাকার মৃত আব্দুল খবেরের ছেলে। স্থানীয় ও র‍্যাব সূত্রে জানা গেছে, জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় টাকা হারানোকে কেন্দ্র করে বুধবার সকালে স্ত্রী সানজু বিবির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যার উদ্দেশে গলায় ছুরি দিয়ে আঘাত করেন।
এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সানজু। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জাবেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাবেদ বন্দর পুরাতন মার্কেট এলাকায় অবস্থান করছেন।
পরে দুপুর পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, জাবেদের দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


















