পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে। তবে কাবুলের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
রোববার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ন এক বিবৃতিতে জানায়, অনুপ্রবেশ করা ওই সশস্ত্র গোষ্ঠীতে আইএস জঙ্গি ও আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অভিযানে ২৮ জন নিহত হওয়া ছাড়াও ৩২ জন আহত হয়েছে।
আফগান কর্তৃপক্ষের অভিযোগ, এই গোষ্ঠীটিকে পাকিস্তানের মিলিশিয়া ও গোয়েন্দা সংস্থা প্রশিক্ষণসহ অন্যান্য সহযোগিতা দিয়েছে।
তবে কাবুলের এ অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। এক্সে তারা জানায়, তাদের কোনো নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থা এই সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন, প্রশিক্ষণ বা সহায়তা দেয়নি। আফগানিস্তান কোনো প্রমাণ ছাড়াই এমন সাজানো অভিযোগ তুলছে বলে দাবি ইসলামাবাদের।




















