চোরাচালানবিরোধী অভিযানে বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানও।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ড ভ্যান জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা সব আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।



















