গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রাফিস খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্ত্রী ও সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে। নিহতের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, রাতে রাস্তার পাশে একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিস। তখন পাশের আরেক ঝালমুড়ি বিক্রেতা পথচারীদের সঙ্গে বাকবিতণ্ডা ও চিৎকার-চেঁচামেচি করছিল।
রাফিস এগিয়ে গিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিক্রেতা হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরও দুজনের ওপর হামলা চালায়। এতে রাফিসের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানা পুলিশের টহল দল অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে। অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে ঘটনাটি মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



















