ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক মামলায় আদালত থেকে জামিন পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মো. নাজির হোসেন (৫১)। বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাউৎনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বাড়ি থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাজির হোসেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট একই কায়দায় মাদক, মোটরসাইকেল, নগদ টাকা ও স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সে সময় হরিপুর থানা পুলিশ ১৪৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লাখ টাকাসহ নাজির হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। ওই মামলায় কয়েকদিন পূর্বে জামিনে মুক্ত হন নাজির হোসেন। জামিনে মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ১৮০০ পিস ইয়াবাসহ আবারও গ্রেপ্তার হন তিনি।



















