চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার। গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কাঞ্চনপাড়া এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে মো. আলমগীর (৫৫), বরকল এলাকার জাফর উল্লাহর ছেলে মো. রবিউল্লাহ (৪০) এবং উত্তর বরকল এলাকার মো. জামাল সওদাগরের ছেলে মো. নেজাম উদ্দিন (২৯)। পুলিশ জানায়, আসামিরা এলাকায় জুয়া খেলা ও মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আলমগীরকে ২০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়া খেলার অপরাধে মো. রবিউল্লাহ ও মো. নেজাম উদ্দিনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করেন।





















