বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে পূর্বনির্ধারিত ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত ও পুনর্বিন্যাস করার প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি নতুন বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সাক্ষাৎকারের তারিখ নির্ধারিত থাকা বেশ কিছু আবেদনকারী ইতোমধ্যে ইমেইলে তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিলের বার্তা পেয়েছেন। পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় জানানো হবে বলে তাদের জানানো হয়েছে। তবে এই স্থগিতাদেশ কতদিন চলবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি। নতুন প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো ভিসা আবেদনকারীরা ভবিষ্যতে মার্কিন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রাখেন কি না, তা আরও কঠোরভাবে মূল্যায়ন করা।
একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মার্কিন মিশনে ভিসা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় আরও বেশি সমন্বয় ও ধারাবাহিকতা আনার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসন ও ভিসা ব্যবস্থাতেও বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন কারণে ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং নতুন আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও সামনে এসেছে।
এ ছাড়া পর্যটক ও ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান করে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের ভিসা বাতিলের পরিকল্পনাও করছে প্রশাসন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্মসংস্থানভিত্তিক অভিবাসনেও পরিবর্তনের উদ্যোগ রয়েছে। বিশেষ করে ভারতীয় পেশাজীবীদের মধ্যে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসা কর্মসূচিতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
নির্দিষ্ট কিছু কাজের ভিসায় অতিরিক্ত ফি আরোপের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। এর আগে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের একটি নীতিকে এক মার্কিন বিচারক বাতিল ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়, ওই সিদ্ধান্তে পররাষ্ট্র সচিব তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন। মার্কিন প্রশাসন এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা জোরদারের অংশ হিসেবে দেখালেও মানবাধিকার সংগঠনগুলো এর সমালোচনা করেছে।
তাদের আশঙ্কা, কঠোর ভিসা যাচাইয়ের নামে বৈষম্য ও নাগরিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।


















