মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ২৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম। বিএসইসি জানায়, মেঘনা ব্যাংকের প্রস্তাবিত বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এটি হবে রূপান্তর-অযোগ্য (নন-কনভার্টিবল), অসুরক্ষিত (আনসিকিউরড) ও সম্পূর্ণ খালাসযোগ্য (ফুললি রিডিমেবল)। বন্ডটি ভাসমান সুদের হারের আওতায় থাকবে।
এর কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এবং বীমা কোম্পানির কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। সংস্থাটি আরও জানায়, বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ মেঘনা ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
এর মাধ্যমে ব্যাংকটি বাসেল-৩ নীতিমালার মূলধন সংক্রান্ত শর্ত পূরণে সক্ষম হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

















