রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে প্রলোভন দেখিয়ে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার সময় এক দালালকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপালনরত আনসার সদস্যরা।
পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এক রোগীকে বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. তুষার খান (৪০)। জিজ্ঞাসাবাদে তিনি রোগী ভাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে তাদের নির্দেশনা অনুযায়ী আটক তুষার খানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো. আকিদুল মিয়া।
এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসপাতালের বহির্বিভাগে সেবাগ্রহীতাদের হয়রানি, প্রতারণা ও রোগী ভাগিয়ে নেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সেবাগ্রহীতাদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দালালবিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




















