রাজধানীর ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে গ্রেপ্তার জুয়েল ওরফে ওস্তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ডেটোনেটিং কর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করে। সিটিটিসি জানায়, অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পাইপবোমা দুটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















