টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বাস্থ্য খাতের পাশাপাশি পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, শুধু ওষুধ বা চিকিৎসাসামগ্রী দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়; রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা সম্পর্কিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসডিজি গোল-৩ অর্জনের জন্য স্বাস্থ্য খাতের সঙ্গে শিক্ষা, পানি, সমাজকল্যাণ এবং আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট খাতগুলোর সমন্বয় প্রয়োজন।
শুধু ওষুধ, স্যালাইন বা চিকিৎসা সেবা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়; এর মূল ভিত্তি হতে হবে রোগ প্রতিরোধ। তিনি বলেন, বিশুদ্ধ পানি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। মানুষের দৈনন্দিন জীবনে অস্বাস্থ্যকর অভ্যাস পরিবর্তনের ওপরও জোর দেন তিনি। উপকূলীয় অঞ্চলের পানির সংকটের বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় সুপেয় পানির তীব্র সংকট ও লবণাক্ততার কারণে মানুষকে কষ্ট করতে হচ্ছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার আশ্বাসও মিলেছে বলে জানান তিনি। শিশুদের অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন আসক্তি এবং জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের বুকের দুধ খাওয়ানোর গুরুত্বের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
পরিকল্পনা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর দায়িত্ব চাপিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়। পানি, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যৌথভাবে কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সব মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপদ্ধতি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















