ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য সংবলিত ফটো কার্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শারমিন আক্তার রিতা ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার স্থায়ী বাসিন্দা এবং জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৬ সালে ঢাকা-৫ আসনের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দলের ইন্টারভিউ বোর্ডে অংশ নেন।
সে সময় দলীয়ভাবে তাকে ভবিষ্যতের জন্য আশ্বস্ত করা হয়। পরবর্তীতে তাকে যাত্রাবাড়ীর আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছিলেন। রিতার অভিযোগ, তার রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
ওই চক্র তার ঈদ শুভেচ্ছা পোস্টার থেকে ছবি সংগ্রহ করে মিথ্যা তথ্য সংযুক্ত করে ফটো কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি জানান, বিষয়টি জানার পর তিনি যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে তদন্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে শারমিন আক্তার রিতা বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।
আমি এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি আরও জানান, বিষয়টি বিএনপির সিনিয়র নেতাদেরও অবহিত করেছেন এবং তাদের সহযোগিতা কামনা করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।






















