সর্বশেষ বিশ্বকাপ চলাকালে হুলিয়ান আলভারেস প্রকাশ্যেই জানিয়েছিলেন, তিনি আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান। মুখে না বললেও আর্জেন্টাইন স্ট্রাইকারের পছন্দের গন্তব্য যে বার্সেলোনা, তা ছিল ওপেন সিক্রেট। আলভারেস দলবদল করতে চাইলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। আলভারেসকে থাকতে হয় আতলেতিকো মাদ্রিদেই।
বিষয়টি ভালোভাবে নেয়নি আতলেতিকো মাদ্রিদ সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলভারেসের তীব্র সমালোচনা করতে থাকেন তারা। এমনকি আতলেতিকো মাদ্রিদের বেশ কয়েকটি ম্যাচেও আলভারেসকে উদ্দেশ্য করে দুয়ো দেন তারা।
অবশেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আলভারেস। গতকাল লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় আতলেতিকো। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলভারেস জানান, বিশ্বকাপের সময় ওমন মন্তব্য করা তাঁর ঠিক হয়নি।
মুভিস্টারের সঙ্গে আলাপকালে আলভারেস বলেছেন, ‘বিশ্বকাপের সময় আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি যেভাবে কথাগুলো বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।’
আলভারেস আরও বলেন, ‘সমর্থকদের রাগের কারণ আমি বুঝতে পারছি। এখানে (আতলেতিকো মাদ্রিদ) আসার পর থেকে তাঁরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তা অসাধারণ। তাঁরা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এখন আমার কাজ হলো, মাঠে মনোযোগ দেওয়া এবং নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’
বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করার পর থেকেই আলভারেজের মৌসুমের শুরুটা ভালো যায়নি। চোটের কারণে ভুগেছেন তিনি, মাঠেও ছিলেন ছন্দহীন। এ কারণে মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেতিকোর সমর্থকদের দুয়ো ও বিদ্রূপও শুনতে হয়েছে তাঁকে। গতকালের গোলটি ছিল লা লিগায় দীর্ঘ ৮ মাস পর আলভারেসের প্রথম গোল। আতলেতিকোর ঘরের মাঠে সমর্থকদের সামনে লিগে এর আগে সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের নভেম্বরে।
গতকাল আলভারেসের গোলের পর অনেক সমর্থক হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ তখনও তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তবে ক্ষমা চেয়ে আলভারেস বলেছেন, সবার সমর্থন চান তিনি। আর্জেন্টাইন তারকা আরও বলেছেন, ‘আমি দিন দিন ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি। নিজের উন্নতির জন্য কাজ করছি। শারীরিকভাবেও এখন ভালো বোধ করছি। জীবনে ভালো থাকলে তার প্রভাব মাঠেও পড়ে। আমরা পেশাদার খেলোয়াড় হলেও জীবনের সবকিছুই আমাদের ওপর প্রভাব ফেলে।’
আলভারেস ক্ষমা চাওয়া বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে। তিনি বলেছেন, ‘যাঁরা ভুল স্বীকার করে ক্ষমা চান, তাঁদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। কারণ, ক্ষমা চাওয়াটা মোটেও সহজ নয়। আলভারেসের জন্য আমি খুব খুশি। আমার মনে হয়, এখন সে অনেকটা স্বস্তি পাবে।’

























