টানা ৩ দিন বন্ধ রাখার পর রোববার সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে কাজ করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।
বিশ্বে ইন্টারনেটের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।





















