চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা এবং বরগুনায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এতে কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
















