পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় একপক্ষের মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের হামলার ঘটনায় ইকরাম মোল্লা (৫০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরাম মোল্লা উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে। অভিযুক্ত টিপু বিশ্বাস (৪২) একদন্ত ইউনিয়নের গুরুবাসি গ্রামের আহেদ বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে গত ৩ আগস্ট স্থানীয় একটি পক্ষ মাদরাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। অন্যদিকে, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে রোববার সকালে পাল্টা মানববন্ধনের আয়োজন করে আরেকটি পক্ষ। সকাল ১১টার দিকে তারা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিলে টিপু বিশ্বাস ও তার সহযোগীরা সেখানে গিয়ে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে ব্যানার ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে টিপু বিশ্বাস কোমর থেকে একটি পিস্তল বের করে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তাকে বাধা দিতে গেলে ইকরাম মোল্লাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয়রা ইকরাম মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে অভিযুক্ত টিপু বিশ্বাস ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আটঘরিয়া ও আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






















