মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা জোরালো হওয়ায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ত্যাগের প্রস্তুতি নিতে বলেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর এই সতর্কতা জারি করা হয়েছে। রোববার (২ আগস্ট) প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের জন্য অনলাইনে বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, অঞ্চলজুড়ে হঠাৎ করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের সঙ্গে সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নেবে এবং ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান প্রতিশ্রুতি রক্ষা করে না এবং বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্সের সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা ভ্রমণে অন্য যেকোনো ধরনের বিঘ্নের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায়ও একই ধরনের সতর্কতা পুনর্ব্যক্ত করা হয়েছে। সেখানে বলা হয়, পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে সব সময় সতর্ক থাকা জরুরি। এছাড়া বিভিন্ন বিমান সংস্থা স্বাভাবিক ফ্লাইট সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে এবং কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট রুটে ফ্লাইট বাতিল করেছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অঞ্চল ত্যাগের পরিকল্পনা করতে অথবা পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের এই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিমানবন্দর ও এয়ারলাইন্সের সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। এদিকে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস আলাদাভাবে স্থানীয় নিরাপত্তা নির্দেশনাও দিয়েছে। জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অবস্থানকারীদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান আগে থেকেই জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জেরুজালেমে মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং ইরানের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাই মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
4:40 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
দেশ ছাড়তে প্রস্তুতি নিন, যুদ্ধ বাড়ার শঙ্কায় মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
-
MIT ERP
- Update Time : 01:05:51 pm, Sunday, 2 August 2026
- 8
Tag :
Popular Post


























