নারায়ণগঞ্জের সোনারগাঁয় হঠাৎ লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সনমান্দী ইউনিয়নের সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ শিয়ালের একের পর এক হামলায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জঙ্গল থেকে কয়েকটি শিয়াল আচমকা লোকালয়ে ঢুকে পড়ে। শিয়ালগুলো বাড়ির আঙিনায় ও সড়কে ঘুরে বেরিয়ে পথচারীদের লক্ষ্য করে হিংস্রভাবে আক্রমণ চালায়। কিছু বুঝে ওঠার আগেই যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়ে দেয়। আহতদের মধ্যে সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই ও নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ এক বৃদ্ধার পরিচয় জানা গেছে। আহত লিটন ঘটনার বিবরণ দিয়ে বলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। বুঝে ওঠার আগেই পুরো ঘটনা ঘটে গেল। স্থানীয় বাসিন্দা গোলজার জানান, শিয়ালগুলো অস্বাভাবিক রকম হিংস্র ছিল। একজনকে আক্রমণ করার পরপরই দৌড়ে গিয়ে অন্যজনের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় হুলুস্থুল পড়ে যায় এবং মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক (র্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিয়ালের কামড়ে আহত সবাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজনীয় ডোজ গ্রহণ করেছেন। সম্প্রতি উপজেলায় শিয়ালের উপদ্রব লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। বন বিভাগ বা বন্যপ্রাণীবিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। লোকালয়ে শিয়ালের হিংস্র আক্রমণে পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত পদক্ষেপ নিয়ে এই আতঙ্ক থেকে এলাকাবাসীকে রক্ষা করার দাবি জানিয়েছেন সনমান্দী ইউনিয়নের বাসিন্দারা।
4:48 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ১৫
-
MIT ERP
- Update Time : 03:46:13 pm, Thursday, 30 July 2026
- 2
Tag :
Popular Post



















