হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জীবন, সংগ্রাম ও দর্শনকে কেন্দ্র করে নাটক ‘হ্যানিম্যান’ মঞ্চে আনছে মহাকাল নাট্য সম্প্রদায়। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজিত নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। স্বাস্থ্যঝুঁকির বর্তমান বিশ্বে চিকিৎসা সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্বাস্থ্য খাতকে সুরক্ষা দিতে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম নতুন প্রযোজনা নাটক ডা. হ্যানিম্যান। নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু রচিত, শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত নাটকটির নাম ভূমিকায় একক অভিনয় করছেন নাট্যজন মীর জাহিদ হাসান। হোমিওপ্যাথির জনক ডা. হ্যানিম্যানের জীবন এবং কর্ম আশ্রয়ে নাটকটি। অষ্টাশি বছরের যাপিত জীবনে শেষ আট বছর ডা. হ্যানিম্যান জার্মান থেকে এসে বসবাস শুরু করেন ফ্রান্সে তার দ্বিতীয় স্ত্রীর কাছে। সেখানে তার প্রথম পক্ষের সন্তান এবং জার্মান প্রকাশকদের অনুরোধে ডা. হ্যানিম্যান শর্ট হ্যান্ডে লিখে চলেন তার আবিষ্কৃত চিকিৎসা পদ্বতির কথা, রোগীর উপর প্রয়োগের কথা, নতুন পদ্বতির কারণে ট্রাইব্যুনালে মুখোমুখি হবার কথা, চিকিৎসা চর্চা চালিয়ে নিতে নিরাপদ প্রদেশ খুঁজে পেতে মরিয়া হয়ে খুঁজে ফেরার কথা। মেটেরিয়া মেডিকা গ্রন্থ পুনঃপুনঃ সংযোজনের মধ্যে দিয়ে রচনার কথা, প্রথম স্ত্রীর সান্নিধ্যে সৃজন এবং দ্বিতীয় স্ত্রীর সান্নিধ্যে প্রতিষ্ঠা পাবার কথা, সন্তান হারানোর কথাসহ আরও অসংখ্য মনের মরমিয় কথা। সংকটেই যে নিহিত থাকে সম্ভাবনার বীজ সে কথার প্রতিধ্বনি নিয়েই যেমন নাটক ডা. হ্যানিম্যান তেমনি মানুষ মরনশীল কিন্তু রোগের চিকিৎসা আছে এই অমোঘ সংলাপ উচ্চারণে অভয় প্রদানের নাটক ডা. হ্যানিম্যান। উপযুক্ত চিকিৎসায় সুস্থ জীবন- স্লোগানকে হৃদয়ে ধারণ করে, সবটুকু আন্তরিকতা ও শ্রদ্ধা দর্শক-শ্রোতা-অনুরাগীর কাছে অর্পণ করার মহান প্রত্যয় নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়ের নবতম নির্মাণ নাটক ডা. হ্যানিম্যান। নাটকটির নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, মানুষ মরণশীল কিন্তু রোগের চিকিৎসা আছে এই অমোঘ সত্য জানা ও জানানোর ব্রত নিয়েই ডা. হ্যানিম্যান নাটকটি লেখা এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের মতো ঐতিহ্যবাহী ও প্রাচীন দল যে নির্মাণ করতে চলেছে, তার জন্য রয়েছে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা। নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়ের ভাষায়, মহড়ার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে এটি মানুষের জীবন, সংগ্রাম ও মানবিকতার গল্প। নাটকের সংলাপ ও ঘটনাপ্রবাহ দর্শককে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে। পাশাপাশি হ্যানিম্যান চরিত্রে অভিনেতা মীর জাহিদ হাসানকে দর্শক এক ভিন্ন ও নতুন রূপে আবিষ্কার করবেন। মহাকাল নাট্য সম্প্রদায়ের দলীয় প্রধান এবং ডা. হ্যানিম্যান নাটকের নাম ভূমিকায় একক অভিনেতা মীর জাহিদ হাসান বলেন, দলের ৪৩ বছর পূর্তির মহেন্দ্রক্ষণে দল হ্যানিম্যান নাটকে একক অভিনয়ের মতো এত বড় দায়িত্ব দেওয়ায় আমি আপ্রাণ চেষ্টা করছি, নির্দেশকের সুনিপুণ পরিকল্পনায়, আমার ৫ দশকের মঞ্চ পরিভ্রমণের সবটুকু অভিজ্ঞতা দিয়ে সম্মানিত দর্শকদের সামনে নাটকটি উপস্থাপন বা পরিবেশন করবার। মানুষ মরণশীল, কিন্তু রোগের চিকিৎসা আছে এ অমোঘ বাক্যটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অভিনয়শৈলী নিয়ে উপস্থিত হতে চাই দর্শকের সামনে। দর্শক ভালোবেসে আমাকে, আমার অভিনয়কে গ্রহণ করার জন্য সকলের আশীর্বাদ প্রত্যাশী। নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে রয়েছেন সেট ও প্রপসে পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরিন পারভীন লোপা, মিউজিকে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফিতে সৈয়দা কানিজ ফাতেমা লিসা, মেকআপে শুভাশীষ দত্ত তন্ময়, প্রযোজনা ব্যবস্থাপক পলি বিশ্বাস, পোস্টারে চারু পিন্টু এবং প্রযোজনা অধিকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ। উল্লেখ্য, আগামীকাল বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় একই হলে রয়েছে নাটকটির দুটি প্রদর্শনী।
5:11 am, Friday, 31 July 2026
শিরোনাম :












