তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এ নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়। কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ আয়োজন করেন। নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।





















