সাতক্ষীরার তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, দেশীয় মাছের নিরাপদ প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
একই সঙ্গে খালের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুধবার (১১ নভেম্বর) তালা উপজেলার তালা সদর ইউনিয়নের জিয়ালা-নলতা গ্রামের একটি খাসখালে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল খালের বিভিন্ন অংশে অবৈধ জালের বেড় ও স্থায়ী স্থাপনা নির্মাণ করে মাছ শিকার করে আসছিল।
এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংসের মুখে পড়েছিল। সাধারণ মানুষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য অধিদপ্তর এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অভিযান চলাকালে খালের বিভিন্ন পয়েন্ট থেকে জব্দ করা ৫০টি চায়না দুয়ারী ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
পাশাপাশি বুলডোজার ও অন্যান্য উপায়ে খালের ওপর গড়ে ওঠা ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় খাল দখল ও ক্ষতিকর জালের ব্যবহার থেকে বিরত থাকতে স্থানীয় লোকজনকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় সচেতন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এ বিষয়ে তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, “খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষা আমাদের প্রধান দায়িত্ব।
অবৈধ জালের ব্যবহার এবং সরকারি খাল দখলের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে। ” পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে তালা উপজেলার নদী ও খালের প্রাণপ্রবাহ ফিরে আসবে এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত হবে।





















