জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলক কম। তাই কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করা।
অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে তুরস্কের আন্তালিয়ায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনের (কপ-৩১) তৃতীয় দিন গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা কূটনৈতিক তৎপরতা চালান।
এর মধ্যে অন্যতম জলবায়ু অর্থায়নে অনুদান, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা আদায়ে জোর, বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরার উদ্যোগ। এদিন বিভিন্ন সেমিনারে বাংলাদেশ তুলে ধরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের বাস্তবতা, পাশাপাশি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়গুলো।
গতকাল স্থানীয় সময় সকালে আন্তালিয়া এক্সপো সেন্টারে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে বিশ্বনেতাদের সম্মেলন, জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বিষয় আজ বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তারেক রহমান। সেখানে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারগুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কপ-৩১-এ বাংলাদেশের অংশগ্রহণ শুধু পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিনিধিত্বে সীমাবদ্ধ নয়। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশের অবস্থানপত্র আন্তঃমন্ত্রণালয় আলোচনা, সংশ্লিষ্ট সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে এক সাক্ষাৎকারে রূপালী বাংলাদেশকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিবেশ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা এ প্রস্তুতিতে যুক্ত ছিল।
স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি-৭৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এদিন সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের জলবায়ু পরিবর্তন পরিস্থিতি নিয়ে কাজ করতে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে সরকারের সঙ্গে কাজ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এবারের সম্মেলনে তুরস্ক আয়োজক ও সভাপতির দায়িত্ব পালন করছে। আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা পরিচালনায় অস্ট্রেলিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলমান সম্মেলনে ৯৫টি দেশের নেতা এবং সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
অনুদানভিত্তিক অর্থায়নই বাংলাদেশের প্রধান দাবি : বাংলাদেশের এবারের কপ-৩১ কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বাংলাদেশের যুক্তি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর বিপুল অর্থের প্রয়োজন।
অথচ আন্তর্জাতিক জলবায়ু তহবিলের বড় অংশ ঋণ হিসেবে দেওয়া হলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ে। জলবায়ু সংকটের কারণে যেসব দেশের অর্থনীতি, কৃষি, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের আবার ঋণ নিয়ে সেই ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে। একইসঙ্গে জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়টিও আলোচনায় তুলবে সরকার।
বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অন্যতম বড় পরিকল্পনা জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০)। উপকূলীয় অঞ্চল, চর, হাওর, বরেন্দ্র ও খরাপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি এ পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। বিপুল এ অর্থের বড় অংশ আন্তর্জাতিক সহযোগিতা থেকে সংগ্রহের প্রয়োজন বলে দাবি তাদের।
এ অর্থ দিয়ে উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংস্কার, লবণাক্ততা মোকাবিলা, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি, বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের মতো কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষয়ক্ষতি আর অভিযোজনের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়, সেগুলো মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে ক্ষয়ক্ষতি তহবিল বা ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ গঠন করা হয়েছে।
বাংলাদেশের জন্য এ তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নতুন উদ্যোগ পাট ও জলবায়ু অর্থায়ন : কপ-৩১-এ বাংলাদেশের অংশগ্রহণের উল্লেখযোগ্য দিক হচ্ছে পাট খাতকে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব অর্থনীতির অংশ হিসেবে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। বাংলাদেশ গত ১০ নভেম্বর মঙ্গলবার সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ জুট প্যাভিলিয়নে জলবায়ু অর্থায়নের ন্যায্যতা নিয়ে একটি পার্শ্ব-আলোচনা আয়োজন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও অংশীদারদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ওই আলোচনায় বলা হয়, কপ-২৯-এ সম্মত নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রায় ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর কাছ থেকে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে। পাশাপাশি বৃহত্তর অর্থায়নের লক্ষ্য ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।
কিন্তু উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন খাতে প্রয়োজনের তুলনায় অর্থের সরবরাহ অনেক কম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, জলবায়ু অর্থায়নে সরকারি অনুদানের ভূমিকা প্রধান রাখতে হবে। বেসরকারি বিনিয়োগের ওপর নির্ভর করে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয় অর্থের ঘাটতি পূরণ সম্ভব নয়। সরেজমিন জুট প্যাভিলিয়নে দেখা যায়, পাটের কার্বন-নিম্ন উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি, পচনশীল বিকল্প প্লাস্টিক এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
এর মাধ্যমে বাংলাদেশের পাটশিল্পকে শুধু ঐতিহ্যবাহী রপ্তানি খাত নয়, বরং জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অভিজ্ঞতা ও সক্ষমতা তুলে ধরছে বাংলাদেশ প্যাভিলিয়ন : কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।
সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০), জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এসব প্যাভিলিয়ন আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, নীতিগত সংলাপ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।
বাংলাদেশের জন্য এই প্যাভিলিয়ন কেবল নিজেদের অর্জন তুলে ধরার জায়গা নয়; বরং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নকারী প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির সুযোগ। নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তর : বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় জ্বালানি খাতের রূপান্তর। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো জরুরি।
তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই রূপান্তর হতে হবে অর্থনৈতিক সক্ষমতা ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে। সরকারের অবস্থান অনুযায়ী, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পরিচ্ছন্ন শিল্প ও পরিবহন এবং জলবায়ু সহনশীল প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। একইসঙ্গে কৃষি, শিল্প, পরিবহন ও জ্বালানি খাতে পরিবেশবান্ধব রূপান্তরের ফলে যেন শ্রমিকদের কর্মসংস্থান, শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা এবং রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ।
বিশেষ করে তৈরি পোশাক, পাট, কৃষি ও অন্যান্য রপ্তানিমুখী শিল্পের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং সহজ শর্তে অর্থায়ন প্রয়োজন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন বাণিজ্যিক বাধা তৈরি না করার বিষয়টিও বাংলাদেশের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। অনুষ্ঠানে যোগ দেওয়া বিভিন্ন এনজিওকর্মীরা বলছেন, কপ-৩১-এ বাংলাদেশের ভূমিকা শুধু নিজস্ব অর্থায়ন আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর দায়িত্বের প্রশ্নটিও সামনে আনতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতি গুরুত্বপূর্ণ। এ নীতির মূল বক্তব্য হচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব দেশের দায়িত্ব থাকলেও ঐতিহাসিক নিঃসরণ এবং অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নত দেশগুলোর দায়িত্ব বেশি।
তাদের যুক্তি, যারা দীর্ঘদিন ধরে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে অধিক কার্বন নিঃসরণ করেছে, তাদেরই জলবায়ু সংকট মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতায় নেতৃত্ব দিতে হবে। এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সমন্বিত অবস্থান বাংলাদেশের দরকষাকষির সক্ষমতা বাড়াতে পারে। বিশেষ করে ক্ষয়ক্ষতি তহবিল, অভিযোজন অর্থায়ন এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সম্মিলিত চাপ তৈরির সুযোগ রয়েছে।






















