রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান। জানা গেছে, শিরিনার প্রথম সন্তান খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন। এ অবস্থায় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায়। মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শামীম আহমেদ জানিয়েছেন, শিশুটির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে আইনি প্রক্রিয়া শেষে শিশুটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















