নড়াইল সদর উপজেলায় এক তরুণীকে চার দিন বিভিন্ন স্থানে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সদর উপজেলার মো. আকাশ বিশ্বাস (২১) এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব আমিন শেখ (২২) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী সদর উপজেলার বাসিন্দা।
গত (৪ নভেম্বর) বিকেলে ওই তরুণী পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আকাশ বিশ্বাসকে ফোন করে তার সমস্যার কথা জানান। এসময় আকাশ তাকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাকে সদর উপজেলার একটি গ্রামের বিপ্লব আমিন শেখের বাড়িতে নিয়ে যায় আকাশ বিশ্বাস।
পরে ওই বাড়িতে রাতে একটি কক্ষে আটকে রেখে আকাশ বিশ্বাস তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ (৫ নভেম্বর) রাতে তাকে আবার অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নূরনবী মোল্যা তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। এজাহার সুত্রে আরও জানা যায়, ৬ নভেম্বর রাতে তাকে আবার বিপ্লব আমিন শেখের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আটকে রেখে আবার ধর্ষণ করা হয়।
এ সময় আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে। এরপর (৭ নভেম্বর) ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তার ভাইকে ফোনে বিষয়টি জানান। পরে ভাই ও পরিবারের লোকজন তাকে খুঁজে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মামলা করেন। এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে।
নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





















