কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা দেশের আইনশৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে— দাবি বিরোধী দল জামায়াত-এনসিপির।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ একটি দলের প্রকাশ্য কিংবা গোপন সাংগঠনিক তৎপরতা আইনের শাসন ও রাষ্ট্রীয় কর্তৃত্বের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। যদিও যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে দাবি প্রশাসনের। অন্যদিকে, পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার কথা বলছে বিএনপি।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছে বলে তথ্য রয়েছে। যার অংশ হিসেবে গেল তিন দিনে রাজধানী ঢাকার টিএসসি, ব্যবসায় শিক্ষা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত প্রাঙ্গণ, পান্থপথ, খিলক্ষেত, মিরপুর, ফার্মগেট এবং উত্তরাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩০টিরও বেশি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি অন্তত ১৩টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের গোপন তৎপরতা, সহিংস কর্মকাণ্ড কিংবা নাশকতার আশঙ্কা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে রাজনৈতিক ও সামাজিক মেরুকরণ বাড়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে সংঘাত ও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন ও অনাস্থা তৈরি করতে পারে।
তাই এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতার পাশাপাশি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম রূপালী বাংলাদেশকে বলেন, স্থানীয় পর্যায়ে সরকার ও বিরোধী দলের রাজনৈতিক প্রশ্রয়ে আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিচ্ছে। গত কয়েক দিন ধরে পরাজিত ও পলাতক স্বৈরাচারী শক্তি নানাভাবে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে।
ককটেল নিক্ষেপ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, দায় স্বীকার না করে, ক্ষমা প্রার্থনা না করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জনমনে প্রশ্ন তৈরি করছে। সরকারকে এই প্রশ্নের সমাধান করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ডিসেম্বরকেন্দ্রিক গোপন ব্লুপ্রিন্ট বা নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের সাপ্লাই চেইন, উৎপাদন খাতসহ পুরো অর্থনীতিকে এক মারাত্মক সংকটের মুখে ফেলতে পারে।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে রাজনৈতিকভাবে প্রচণ্ড চাপের মুখে থাকা দলটির একটি অংশ যেকোনো উপায়ে রাজনৈতিক হিসাব-নিকাশ নিজেদের পক্ষে আনতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত দলটির শীর্ষস্থানীয় কিছু নেতার সরাসরি নির্দেশ এবং কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের গোপন আর্থিক সহায়তায় দেশজুড়ে নাশকতার একটি শক্ত নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি তাদের একটি সুপরিকল্পিত রাজনৈতিক অপকৌশল।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রমিক কিংবা সাধারণ মানুষের ছদ্মবেশে রাজধানীতে ‘হিট অ্যান্ড রান’ (ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাওয়া) কৌশলে নাশকতা চালাচ্ছে। এদিকে ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ ও ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জান-মালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুরো একটি দল পালিয়ে গেছে।
শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিশ্বের ইতিহাসে শুধু হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে উদাহরণ দেওয়া যায় এবং মিলেও যায়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি। তেমনই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী রূপালী বাংলাদেশকে বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গণতন্ত্রে বিশ্বাসী মানুষ কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করবে না। তিনি বলেন, আওয়ামী লীগ প্রচলিত আইন এবং সংবিধানের আওতায় নিষিদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রূপালী বাংলাদেশকে বলেন, সরকারের নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে।
কিন্তু এসব ঘটনা দমনে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ব্যর্থ হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকটের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ রূপালী বাংলাদেশকে বলেন, এ দেশে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় নিতে দেওয়া হবে না।
তারা ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, সেটা নিশ্চিত করতে পারেনি বর্তমান সরকার। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর। অথচ ছাত্রসংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে, সন্ত্রাসীদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে।
এটা দুঃখজনক। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাসিত নেতারা বলছেন, নির্বাসিত সব নেতাই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরবেন। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই করবেন। একই সঙ্গে তারা রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছেন।





















