গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কার্তিক স্থানীয় ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন। তিনি কুনিয়া পাছর বড়বাড়ি চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে হেঁটে ভাড়া বাসায় ফেরার পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন কার্তিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রাব্বানী জানান, কার্তিকের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।






















