শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় সংগ্রহ ও বিক্রির প্রমাণ পায় এনবিআর।
এনবিআর জানায়, অভিযানের মূল লক্ষ্য ছিল জব্দ অ্যালকোহলের বৈধ উৎস যাচাই, শুল্ক-কর ও ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন এবং বিক্রয়কৃত অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কিনা, তা পরীক্ষা করা। পাশাপাশি, এসব লেনদেনে মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেয় চারটি গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা এবং ভ্যাট গোয়েন্দা বিভাগ। অভিযানকালে সার্বিক নিরাপত্তা ও কার্যক্রমে সহযোগিতা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)।
আটক পণ্যের সুনির্দিষ্ট পরিমাণ, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনবিআর।






















