শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপজেলার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছে। এ ছাড়াও মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নজরদারি জোরদার করা হয়েছে।
‎ ‎তিনি রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ‘গারো শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া’ পরিদর্শনে এসে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‎ ‎তিনি আরও বলেন, ইতিপূর্বে আমরা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে একাধিকবার মতবিনিময় করেছি এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা সতর্ক রয়েছি। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে। ‎ ‎এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দরা প্রশাসনিক নজরদারি ও সার্বিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















