প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।
তারেক রহমান এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই সফরে রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
পরে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় তিনি চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন।























