আইএফআইসি ব্যাংক গত বৃহস্পতিবার গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে ১০ অক্টোবর ২০২৬, শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতে আইএফআইসির ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে ব্যাংকিং খাতের প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি বদলেছে গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক ব্যাংকিং সেবার ওপর আরও গুরুত্ব দিতে হবে।
এ ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের চলমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধভাবে কাজ করলে অচিরেই আইএফআইসি ব্যাংক আরও শক্তিশালী ও স্থিতিশীল একটি ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।





















