কুষ্টিয়া সীমান্তে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে নিজ জমিতে ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে সাহাবুল ইসলাম নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনার মধ্যে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের বাংলাদেশ-ভারত সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবুল ইসলাম জামালপুর গ্রামের সাবাজ মণ্ডলের ছেলে। সকালে নিজের জমিতে ঘাস কাটছিলেন তিনি। এ সময় ভারতের লাইশিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঝোপের আড়াল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তার পায়ে গুলি লাগে। অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবি জানায়, ঘটনার পরপরই তাদের নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে বিজিবি।

























