প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এ অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি কেন্দ্র ফাঁকা থাকা সাপেক্ষে আগামী দুই-তিন দিনের মধ্যে পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ প্রার্থীদেরকে এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় আজ শনিবার সকাল ১১টায় শুরুর এক ঘণ্টা আগে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
আজ শনিবার সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (১১তম গ্রেড) ২৪২টি পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানী ঢাকার ৯৫টি কেন্দ্রে ৩ লাখ ১৯ হাজার প্রার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বিতর্কিত পরীক্ষা এড়াতে অধিদপ্তর তা স্থগিত করে।
এদিকে, পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টার দিকে এসব সড়ক অবরোধ করা হয়। শাহবাগ মোড়েও অবরোধ চলছে।
পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।





















